নভেম্বর ১২, ২০২৬, ০১:০৯ এএম
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের দীর্ঘদিনের পুরোনো অনলাইন সাপোর্ট কমিউনিটি ফোরাম চিরতরে বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্রায় ২৮ বছর ধরে অ্যাপল ব্যবহারকারীদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসা এই কমিউনিটি প্ল্যাটফর্মটি আগামী ২০২৬ সালের ২০ নভেম্বর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান গ্রাহকদের চাহিদা এবং সার্বিক সাপোর্ট কৌশল মূল্যায়ন করার পরই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণার অংশ হিসেবে ইতিমধ্যে সাইটটিকে রিড-অনলি বা পঠনযোগ্য অবস্থায় রূপান্তর করা হয়েছে। এর মানে হলো, ব্যবহারকারীরা এখন থেকে প্ল্যাটফর্মটিতে নতুন কোনো পোস্ট, মন্তব্য বা প্রশ্ন করতে পারবেন না। তবে পূর্বে প্রকাশিত পুরোনো আলোচনা ও সমাধানগুলো আপাতত ওয়েবসাইটে আর্কাইভ হিসেবে দেখা যাবে, যেখান থেকে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় তথ্য বা দিকনির্দেশনা খুঁজে নিতে পারবেন।
১৯৯৮ সালে অ্যাপল টেক এক্সচেঞ্জ নামে এই অনলাইন ফোরামটির যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে অ্যাপল ডিসকাশন এবং ২০১১ সালে রিভ্যাম্প করার পর অ্যাপল সাপোর্ট কমিউনিটি রাখা হয়। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অ্যাপলের বিভিন্ন ডিভাইসের ব্যবহারকারীরা তাদের দৈনন্দিন প্রযুক্তিগত সমস্যার সমাধান পেতে এই প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে আসছেন। এখানে সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি মাঝে মাঝে অ্যাপলের নিজস্ব কর্মীরাও পরামর্শ দিয়ে সহায়তা করতেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে রেডডিট কিংবা অন্যান্য স্বাধীন প্রযুক্তি ফোরামের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে অ্যাপলের নিজস্ব এই প্ল্যাটফর্মটির ব্যবহার কিছুটা কমে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এই ফোরাম বন্ধ হয়ে যাওয়ায় এখন থেকে গ্রাহকদের অফিসিয়াল অ্যাপল সাপোর্ট সাইট, ফোন কল, চ্যাট অথবা অ্যাপল সাপোর্ট অ্যাপের মাধ্যমে সরাসরি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপলের এই আকস্মিক সিদ্ধান্তে দীর্ঘদিনের নিয়মিত ব্যবহারকারী ও স্বেচ্ছাসেবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন