রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জ সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২৬ পিএম

বীরগঞ্জ সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বীরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার এবং সমগ্র সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

ইউএনও সুমা খাতুন বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আরও বলেন, বর্তমান সময়ে কিশোর ও তরুণরা নানা প্রলোভন ও ভুল সঙ্গের কারণে সহজেই মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি আত্মসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর বাদশা রনি (ওসি চার্জ)। তিনি মাদকবিরোধী অভিযানের বিভিন্ন দিক এবং আইনি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদানের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে শিক্ষার্থীদের সচেতন করার এই উদ্যোগকে তাঁরা সময়োপযোগী বলে উল্লেখ করেন। সম্মিলিত উদ্যোগই একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারে বলে সভায় মত প্রকাশ করা হয়।