মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
প্রাণিজ পণ্য রপ্তানি

প্রাণিজ পণ্য রপ্তানি: চার মাসে আয় ৩০৯ কোটি টাকা, জানালেন মন্ত্রী

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০২:০৩ পিএম

প্রাণিজ পণ্য রপ্তানি: চার মাসে আয় ৩০৯ কোটি টাকা, জানালেন মন্ত্রী

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর সময়ে আট হাজার ৬৪৯ টন প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি করে ৩০৯ কোটি টাকা আয় করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য তুলে ধরেন।

রপ্তানি হওয়া পণ্যের তালিকায় রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য এবং কবুতর। যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের বাজারে এসব পণ্য যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। খাতটিতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ এবং কৃষিজ মোট দেশজ উৎপাদনে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। ওই একই অর্থবছরে প্রাণিসম্পদ খাতের মোট দেশজ উৎপাদনের আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।

দেশে প্রাণিজ খাদ্য উৎপাদনের চিত্রও সামনে আনা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। মানুষের দৈনিক মাথাপিছু প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ স্থানীয় উৎপাদন থেকেই আসছে।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দুধ, ডিম ও মাংসের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানিমুখী প্রাণিসম্পদ শিল্প গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদার করার কথাও বলেন মন্ত্রী; তার মতে, প্রযুক্তির ব্যবহার ও নতুন উদ্ভাবনের মাধ্যমে খাতটির উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।