বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

প্যারোলে মুক্তি শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৯:০১ পিএম

প্যারোলে মুক্তি শেষে কারাগারে ফিরলেন দীপু মনি

ছবি - সংগৃহীত

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির বারো ঘণ্টা সময় শেষ হওয়ায় পুনরায় কারাগারে ফিরে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার ঠিক আগে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ কারাগারে প্রবেশ করে। আওয়ামী লীগ নেত্রী ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ ও অন্যান্য ধর্মীয় অনুশাসন শেষে কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা থেকে মুন্সিগঞ্জ নিয়ে আসা হয়। 

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জান্নাতুল ফারহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে বিকেল তিনটা পনেরো মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। 

সন্ধ্যা ছয়টার দুই মিনিট আগে প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। এর আগে বৃহস্পতিবার সকাল ছয়টা পনেরো মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান। 

বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বারো ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। পরে বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ প্যারোলের সময় নির্ধারণ করা হয়। প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। 

কার্যক্রম শেষে তাকে আবার মুন্সিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরে রাজনৈতিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুন্সিগঞ্জ কারাগারে রাখা হয় সাবেক মন্ত্রী দীপু মনিকে।