অক্টোবর ৩, ২০২৬, ০২:৩৬ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ছিয়া। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বায়ান্নতম আবর্তনের এই শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। বর্তমান ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতির সাথে নিজের মূল্যবোধের অমিল হওয়ায় তিনি পদ ছেড়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে রাজনীতিতে যুক্ত ছিলেন। ক্যাম্পাসের বর্তমান সাংগঠনিক পরিবেশ তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ এবং প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের ভেতরের বিভিন্ন বিষয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে বলে তিনি জানান।
সুমাইয়া সুলতানা ছিয়া স্পষ্ট করেন, তার এই সিদ্ধান্ত জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়। পদ থেকে সরলেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে তিনি ক্যাম্পাসের সক্রিয় রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাম্পাসে সুস্থ, সুশৃঙ্খল ও আদর্শনিষ্ঠ রাজনৈতিক পরিবেশ ফিরে এলে সময় বিবেচনায় পুনরায় সংগঠনে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন তিনি। পুরো বিষয়টি স্বেচ্ছায় নেওয়া এবং এতে ব্যক্তিগত কোনো বিরোধ বা পদ-পদবির প্রত্যাশা জড়িত নয় বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন