নভেম্বর ২২, ২০২৬, ১১:২৭ এএম
মেসির মিয়ামিকে ৩-০ গোলে হারিয়ে মেজর লিগ সকার বা এমএলএস কাপ প্লে-অফের শুরুতেই বড় চমক দেখিয়েছে কলম্বাস ক্রু। শনিবার মিয়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামির বিপক্ষে এই জয় পায় কলম্বাস।
কলম্বাসের হয়ে জোড়া গোল করেন গনসালো তাপিয়া এবং অন্য গোলটি করেন তাহা হাবরুনে। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা কলম্বাস ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায়। বক্সের মধ্যে তাপিয়াকে ফাউল করেছিলেন মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার, আর স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এই ফরোয়ার্ড।
প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর আরও সুযোগ তৈরি করলেও কলম্বাসের আক্রমণগুলো আটকে দেন মিয়ামির গোলরক্ষক। ২৩ মিনিটে কাছ থেকে নেওয়া মেসির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টে এবং ৩১ মিনিটে মেসির ফ্রি-কিকও রুখে দেন তিনি। প্রথমার্ধে মোট চারটি সেভ করেন শুল্টে।
ম্যাচের ৩৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টার মিয়ামির গনসালো লুহান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় স্বাগতিক দল।
প্রথমার্ধের শেষ দিকে মেজাজ হারান মেসিও। তাপিয়ার মুখের পাশে বল ছুড়ে মারায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান। বিরতিতে ফেরার সময় সমর্থকদের দুয়ো শুনতে হয় মিয়ামির খেলোয়াড়দের।
দ্বিতীয়ার্ধে একজন বেশি খেলোয়াড় থাকার সুবিধা পুরোপুরি কাজে লাগায় কলম্বাস। ৫২ মিনিটে গোল করে ব্যবধান ২-০ করেন তাহা হাবরুনে। এর ছয় মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া; সেন্ট ক্লেয়ারের পাশ দিয়ে বল জালে পাঠিয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে কলম্বাসের ছন্দও ধরে রাখল দলটি। ১ সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সে ১৫তম অবস্থানে থাকা দলটি নিয়মিত মৌসুমের শেষ ছয় ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয়, যা লিগে বর্তমানে সবচেয়ে দীর্ঘ জয়ের ধারা।
অন্যদিকে নু স্টেডিয়ামে প্রথম মৌসুমটা প্রত্যাশামতো কাটেনি মিয়ামির। ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম চলতি বছর চালুর পর নিয়মিত মৌসুমের ১৭ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জিতেছে দলটি। শনিবারের ম্যাচে প্রথমবারের মতো এই মাঠে গোল করতে ব্যর্থ হলো তারা।
ম্যাচ শুরুর আগে মেসির হাতে ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট তুলে দেন ইন্টার মিয়ামির সহমালিক হোর্হে মাস। চলতি মাসের শুরুতে লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কারটি জেতেন মেসি।
নিয়মিত মৌসুমে ২৬ গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি, যা অ্যাসিস্ট তালিকায় লিগে দ্বিতীয়। টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জিতে প্রথম খেলোয়াড় হওয়ার কীর্তি গড়ার পাশাপাশি এমএলএসে একাধিকবার এই পুরস্কার জেতা ষষ্ঠ খেলোয়াড় হয়েছেন মেসি।
এবারও এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে তার। তবে প্লে-অফের প্রথম ম্যাচে হারের পর শুক্রবার কলম্বাসের মাঠে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচে জিততে না পারলে বর্তমান চ্যাম্পিয়নদের প্লে-অফ অভিযান শেষ হয়ে যেতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন