রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

মেসির ১০ নম্বর জার্সি কাকে দেওয়া হবে, জানালেন স্কালোনি

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৬:২৫ এএম

মেসির ১০ নম্বর জার্সি কাকে দেওয়া হবে, জানালেন স্কালোনি

আর্জেন্টিনা দলের ১০ নম্বর জার্সি।

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। কোচ লিওনেল স্কালোনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সঠিক উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত এই জার্সিটি ফাঁকাই রাখা হবে। আগামী শনিবার উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গত অক্টোবরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আর্জেন্টাইন মহাতারকা। দীর্ঘ দুই দশক ধরে এই জার্সি গায়ে জড়িয়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন তিনি।

মেসির উত্তরসূরি বেছে নেওয়ার বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন বিশ্বকাপজয়ী এই কোচ। স্কালোনি জানান, বারবার ফুটবলার বদল করে এই জার্সির মালিকানা বদলানোর কোনো পরিকল্পনা তাদের নেই। যাকে এই ঐতিহাসিক জার্সি দেওয়া হবে, তাকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দিতে চান তিনি। তরুণ প্রজন্মের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর দল সাজানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কোচ।

এদিকে লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দি পলের জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেছেন আর্জেন্টাইন কোচ। স্পেনের বিপক্ষে ম্যাচে সংঘর্ষের জেরে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া পারেদেসকে ফিটনেস ও সর্বোচ্চ পর্যায়ের পারফরম্যান্স প্রমাণ করতে হবে। অন্যদিকে ইন্টার মায়ামির মিডফিল্ডার দি পলকে এই মুহূর্তে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে নতুনদের সুযোগ দেওয়ার জন্য।

তবে অভিজ্ঞ এই মিডফিল্ডারদের জন্য জাতীয় দলের দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি বলে স্পষ্ট করেছেন তিনি। আগামী শনিবার বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।