নভেম্বর ৬, ২০২৫, ০৮:০৮ পিএম
দিনাজপুর শহরের রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিঁউ মন্দির প্রাঙ্গণে রাস পূর্ণিমার প্রথম প্রহরে ব্যাপক আয়োজনে রাস উৎসব পালিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে এই রাস উৎসব শুরু হয়।পুণ্য অর্জনের লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে রায় সাহেব বাড়ি মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসব পালিত হয়ে আসছে।
রাস পূর্ণিমার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশেষভাবে তৈরি রাসের মধ্যে রাধাগোবিন্দের মূর্তি বসিয়ে রাস ঘুরানো হয়। এ সময় ভক্তরা একে একে রাসটি ঘুরাতে থাকেন। মন্দির প্রাঙ্গণে ছিল দৃষ্টিনন্দন আলোকসজ্জা। বিকেল থেকে সারারাত মন্দিরে চলে পূজা ও আরতি। হাজারো ভক্তের পদচারণায় আনন্দমুখর হয়ে ওঠে রায় সাহেব বাড়ির চত্বর। রাস উপলক্ষে চলে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। দলে দলে ভক্তরা এসে রাস ঘুরানো এবং দেখার জন্য ভিড় করেন।
আয়োজক কমিটির সদস্য সুশীল চন্দ্র দাস বলেন, "পুণ্য অর্জনের লক্ষ্যে এই রাস পূর্ণিমায় এসে ভক্তরা পূজা অর্চনার মধ্য দিয়ে প্রার্থনা করেন। প্রতি বছর হাজারো ভক্তের অংশগ্রহণে এই রাস উৎসব মহা ধুমধামে পালিত হয়ে আসছে।" তিনি আরও জানান, এই রায় সাহেব বাড়ি থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।উল্লেখ্য, রায় সাহেব বাড়ি তৈরি করেন জমিদার পূর্ণেন্দু রায় বাহাদুর ও তার ভাই শরদিন্দু রায় বাহাদুর। তাদের নাম অনুসারে এই বাড়িটির নাম হয় রায় সাহেব বাড়ি। এটি শহরের গনেশতলায় অবস্থিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন