শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
এসএসসি পরীক্ষা ২০২৭

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ও ফির তালিকা ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৬, ০৬:৪৮ পিএম

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ও ফির তালিকা ঘোষণা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (১৭ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর বিলম্ব ফি ছাড়া ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

ফি পরিশোধের জন্য নির্ধারিত সময়সূচিও আলাদাভাবে উল্লেখ করেছে বোর্ড কর্তৃপক্ষ। বিলম্ব ফি ব্যতীত নির্ধারিত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ২৪ নভেম্বর পর্যন্ত। পরীক্ষার্থী প্রতি একশ টাকা বিলম্ব ফিসহ ফি পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

পরীক্ষার ফি বাবদ শাখাভিত্তিক নির্ধারিত হারের বিবরণ দিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট দুই হাজার ৪৩৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট দুই হাজার ৩১৫ টাকা ফি চূড়ান্ত করা হয়েছে।

অনুমোদিত হারের বাইরে কোনো বাড়তি অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বোর্ড কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত ফি’র অতিরিক্ত কোনো অর্থ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান সরকারি বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।