রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পদ্মা ও যমুনা সেতু দিয়ে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে

জাতীয় ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৪:৪২ পিএম

পদ্মা ও যমুনা সেতু দিয়ে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে

যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটিএ কন্ট্রোলরুম পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার পরিদর্শনের সময় তিনি যমুনা এবং পদ্মা সেতুর লাইভ ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করে মন্তব্য করেন যে দুই মহাসড়ক ও সেতু দিয়ে বর্তমানে সম্পূর্ণ নির্বিঘ্নে সব ধরনের যানবাহন পারাপার করছে। 

জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ রাখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।পদ্মা সেতু টোলপ্লাজা সরজমিনে পরিদর্শন করেছেন সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

সুপ্রিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার করেছে, যা থেকে মোট টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। একই সময়ে যমুনা সেতুতে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা। 

গত বছরের তুলনায় এবার সড়কে যানবাহনের চাপ অনেক বেশি থাকলেও কোনো বড় ধরনের দুর্ঘটনা বা দীর্ঘ যানজট তৈরি হয়নি। এই অর্জন দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতার বড় প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে।পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ প্রশংসা করা হয়।