নভেম্বর ১, ২০২৬, ০৮:২৬ পিএম
আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থার (ইন্টারপোল) দ্বিতীয় বৈশ্বিক জীবাণু নিরাপত্তা বা বায়োসিকিউরিটি সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। রোববার (১ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে রওয়ানা হন।
একই দিন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় আগামী ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত ফ্রান্সের লিয়ঁতে অবস্থিত সংস্থার সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই বৈশ্বিক আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সহযোগী সংস্থার কর্মকর্তা, আন্তর্জাতিক জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদেরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের জৈব নিরাপত্তা ও জীবাণু সন্ত্রাসবাদের বহুমুখী ঝুঁকি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য হুমকি কার্যকরভাবে মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন