অক্টোবর ১২, ২০২৬, ০৮:৩৮ পিএম
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ও গরিনাবাড়ী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে দুই কীটনাশক ব্যবসায়ীর বাড়ি ও দোকান থেকে ৭০ বস্তা অবৈধভাবে মজুত করা রাসায়নিক সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে ওই দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন। অভিযান চলাকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর থানা পুলিশের দুটি দল উপস্থিত ছিলেন।
সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে কীটনাশক ব্যবসায়ী ও মেসার্স মুন্না ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেনের (৪৪) বাড়িতে সার মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয়।
সেখান থেকে টিএসপি ১৫ বস্তা, পটাশ ২২ বস্তা এবং ড্যাপ ২৪ বস্তাসহ মোট ৬১ বস্তা সার জব্দ করে প্রশাসন। এই অপরাধে দেলোয়ার হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে তা পরিশোধ করেন।
এদিকে গরিনাবাড়ী ইউনিয়নের বজরাপাড়া বাজারে দ্বিতীয় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। সেখানে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়া মজুত রাখা ৯ বস্তা সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনি জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন।
বজরাপাড়া বাজারে জব্দ করা ওই ৯ বস্তা সার উপস্থিত স্থানীয় কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত মূল্যে উন্মুক্ত বিক্রি করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, দুটি অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। বীরপাড়া থেকে উদ্ধার হওয়া ৬১ বস্তা সার মঙ্গলবার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে উন্মুক্ত বিক্রি করা হবে এবং প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে নজরদারি জোরদার থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সার মজুত ও বিপণনে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধ এবং প্রান্তিক কৃষকদের ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসনের এমন ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন