সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

সীমান্তে বিজিবির ওপর হামলা গুলিতে নিহত এক চোরাকারবারি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৬, ১১:৩২ এএম

সীমান্তে বিজিবির ওপর হামলা গুলিতে নিহত এক চোরাকারবারি

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় টহল দলের গুলিতে নোমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) ভোর পৌনে ছয়টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

নিহত ব্যক্তির নাম নোমান (৩৮)। তিনি হালুয়াঘাট উপজেলার ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের ঝলজুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত শূন্যরেখা থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের ভেতরে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল বিজিবির একটি টহল দল। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন এবং ফাঁকা গুলিবর্ষণ করেন।

তবে চোরাকারবারিরা সেই সতর্কবার্তা উপেক্ষা করে পুনরায় আক্রমণ চালালে একজন বিজিবি সদস্য আহত হন।

পরবর্তীতে নিজেদের জীবন ও সরকারি সম্পদ রক্ষার উদ্দেশ্যে বিজিবি সদস্যরা আত্মরক্ষামূলক গুলিবর্ষণ করেন। এতে নোমান গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরকারি কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।