অক্টোবর ১১, ২০২৬, ১১:০৫ পিএম
জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে নাটোর সদর মডেল থানা পুলিশ।রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে খোয়া যাওয়া ওই ল্যাপটপটি জব্দ করা হয়।ঘটনার চার দিন পর ডিভাইসটি হাতে পাওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার উইবার গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষ করে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। প্ল্যাটফর্মে অবস্থানের সময় হলুদ কটি পরা এক অজ্ঞাত যুবক রেলওয়ের কর্মী পরিচয় দিয়ে তার সাথে আলাপ জমায়। একপর্যায়ে এটিএম বুথ থেকে নগদ টাকা তুলতে যাওয়ার আগে নিজের মালামালভর্তি ব্যাগটি ওই যুবকের হেফাজতে রেখে যান বিদেশি নাগরিক।
কিছু সময় পর ফিরে এসে তিনি দেখতে পান ব্যাগসহ সেই ব্যক্তি পালিয়ে গেছে।ব্যাগটিতে একটি ল্যাপটপ ও ক্যামেরাসহ প্রয়োজনীয় নানা সামগ্রী ছিল।চুরির পরপরই রাতেই স্টেশনে তদন্তে নামে পুলিশ। স্টেশনের সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, হলুদ কটি পরা যুবকটি জার্মান পর্যটকের সাথে ভাব জমিয়ে সুযোগ বুঝে ব্যাগটি নিজের কটির ভেতরে ঢুকিয়ে আড়াল করে প্ল্যাটফর্ম ত্যাগ করে।
স্বস্তির খবর পেয়ে ভুক্তভোগী জার্মান পর্যটক জানান, তার রোববার রাতেই রাজধানী ঢাকা ছেড়ে যাওয়ার টিকিট ছিল। তবে ল্যাপটপ ফিরে পাওয়ায় সেই সিদ্ধান্ত বদলে পরদিন তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ঢাকা ছাড়ার পরিকল্পনা করছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন