অক্টোবর ১১, ২০২৬, ১১:৩৮ পিএম
পেশাগত স্বার্থ ও ন্যায্য অধিকার সুরক্ষায় দেশের সব বিভাজন ভুলে সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঢাকা সফররত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সংগঠনের সভাপতি মানিক মুনতাসির এবং সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে গণমাধ্যমের অভ্যন্তরীণ সংকট তুলে ধরেন রাষ্ট্রপতি।
তিনি স্পষ্ট করে বলেন, সংবাদকর্মীদের চাকরির নিরাপত্তা, যৌক্তিক বেতনকাঠামো এবং অন্যান্য আবশ্যক সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন। সমাজে সাংবাদিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত হতে না পারাকে একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করেন তিনি।
রাষ্ট্র ও সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, সত্য প্রকাশে সংবাদকর্মীদের নির্ভীক হতে হবে। অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি সামাজিক মাধ্যমে চলমান অপতথ্য ও অপসাংবাদিকতা রোধে মূলধারার পেশাদার সাংবাদিকদের কার্যকর ভূমিকা পালনের ওপর তিনি গুরুত্ব দেন।
মতবিনিময়কালে নিজের জন্মমাটি ঠাকুরগাঁওয়ের প্রতি গভীর অনুভূতির কথা ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, যে শিকড় থেকে তাঁর বেড়ে ওঠা, সেই শিকড়কে তিনি আজীবন আঁকড়ে রাখতে চান। জেলাটিকে মাদক ও সাম্প্রদায়িকতামুক্ত রাখতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি। একই সাথে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে শীর্ষ পদে দায়িত্ব পালন করা ফোরামের সদস্যদের অভিনন্দন জানিয়ে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নজর রাখার তাগিদ দেন।
সাক্ষাতে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, প্রশিক্ষণ, সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপন এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসার জন্য সরকারি সহায়তার দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি তাঁদের উত্থাপিত বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা স্ট্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, বাসসের প্রধান বার্তা সম্পাদক মো. মানিকুল আজাদ, প্রথম আলোর তুহিন সাইফুল্লাহ, বাসসের মাহাবুর আলম সোহাগ, স্টার নিউজের মাহবুব আলম রাজ, কালবেলার শফিকুল ইসলাম এবং চ্যানেল-২৪-এর মাসউদুর রহমান রানা। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন