সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,
স্থানীয় সরকার নির্বাচন

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, জানালেন চিফ হুইপ

জাতীয় ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ১১:১৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, জানালেন চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে একক প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তৃণমূল পর্যন্ত দলের শক্ত অবস্থান থাকায় সর্বসম্মতিক্রমে একক প্রার্থী নিশ্চিত করার চেষ্টা চালানো হবে।

রোববার (১১ অক্টোবর) রাতে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি।

তিনি স্পষ্ট করেন, এ বছর দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে না।

চিফ হুইপ উল্লেখ করেন, একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি চায় তৃণমূলের প্রতিটি স্তরে ঐক্যবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক। এর মাধ্যমে স্থানীয় সরকারের প্রকৃত প্রতিনিধিত্ব করতে সক্ষম এবং জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে করণীয় প্রসঙ্গে তিনি জানান, এমন পরিস্থিতি তৈরি হলে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে দল কোনো আপস করবে না বলে সতর্ক করেন চিফ হুইপ।

তিনি জানান, কোনো অবস্থাতেই চাঁদাবাজ ও দখলদারদের বরদাস্ত করা হবে না এবং বিএনপিতে তাদের কোনো জায়গা নেই। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সুস্পষ্ট ও কঠোর নির্দেশনা দিয়েছেন।