অক্টোবর ১১, ২০২৬, ০৭:৩৭ পিএম
রাঙামাটির অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক সড়কে টানা এক দিন পালনের পর অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় দুটি সংগঠন। রোববার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফা আলোচনার পর অবরোধ প্রত্যাহারের এই আনুষ্ঠানিক ঘোষণা আসে।
কর্মসূচি প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। একই সাথে সোমবার ও মঙ্গলবারও কোনো ধরনের কর্মসূচি থাকবে না বলে জানিয়েছে সংগঠন দুটি। এর মধ্য দিয়ে সাজেক সড়কে পুনরায় স্বাভাবিক যান চলাচলের পথ উন্মুক্ত হলো।
এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে এক যৌথ বিবৃতির মাধ্যমে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়েছিল। সাজেক এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস—সন্তু গ্রুপ) সদস্যদের অবস্থান ঘিরে স্থানীয়দের মাঝে অস্থিরতা তৈরি হচ্ছে এমন অভিযোগ তুলে তারা এই কঠোর কর্মসূচি ঘোষণা করে। এরও আগে গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে দাবি মানতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সংগঠন দুটি। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত তারা রাজপথে অবরোধে নামে।
এই অবরোধের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে সাজেকে বেড়াতে আসা এক হাজার ২৪৪ জন পর্যটক চরম ভোগান্তিতে পড়েন এবং সেখানে অবরুদ্ধ হয়ে থাকেন।
পরিস্থিতি সামাল দিতে বাঘাইহাট সেনা জোনের সদস্যরা পর্যটকদের পাশে দাঁড়ান। সেনা জোনের দায়িত্বশীল কর্মকর্তারা আটকে পড়াদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ফিরিয়ে নেওয়ার আশ্বাস দেন। সেই পরিকল্পনা অনুযায়ী, অবরুদ্ধ থাকা সব পর্যটককে সাজেক থেকে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, পর্যটকদের চলাচলে নিরাপত্তা দিতে সেনাবাহিনী সর্বদা দায়িত্ব পালন করবে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, অবরোধ চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। পর্যটকদের জন্য এখন সাজেক ভ্রমণে আর কোনো বাধা নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন