রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

দুর্গাপূজায় ব্যাংক ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক

জাতীয় ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ১০:২৯ পিএম

দুর্গাপূজায় ব্যাংক ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে টানা তিন দিন লেনদেন বন্ধ থাকবে। তবে বৈদেশিক বাণিজ্য ও পণ্য খালাস সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা বা বুথ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলার সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের সঙ্গে মিল রেখে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ব্যাংকের মূল কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ১৭ অক্টোবর (শনিবার) নিয়মিত সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন স্বাভাবিক থাকবে।

বন্দরের কার্যক্রম অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সার্কুলারে জানানো হয়, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার কাস্টমস সুবিধা সচল রাখতে ২০ থেকে ২২ অক্টোবরের দুর্গাপূজার ছুটি এবং পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।