সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

ব্যাংকে ছুটি ৭ দিন, যেসব এলাকায় খোলা থাকবে ২৫ ও ২৬ মে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৪:৩৯ পিএম

ব্যাংকে ছুটি ৭ দিন, যেসব এলাকায় খোলা থাকবে ২৫ ও ২৬ মে

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে সাত দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে সোমবার থেকে শুরু হয়ে ৩১ মে রবিবার পর্যন্ত সমস্ত ব্যাংক পুরোপুরি বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নতুন সার্কুলারে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু এলাকায় ব্যতিক্রম রাখা হয়েছে।শিল্প এলাকাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো এই দুই দিন কাজ করবে। এসব শাখায় কর্মীদের অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। গ্রাহকরা এই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী বিশেষ ভাতা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এর আগে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে ছুটি শুরু হবে। এছাড়া দেশের সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা এবং বুথগুলো সীমিত আকারে চালু রাখতে বলা হয়েছে।