সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

ট্রাম্পের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ তুলল ইরান, হরমুজে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৬, ১১:৫১ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে তেল পাচারের অভিযোগ তুলল ইরান, হরমুজে উত্তেজনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ওমানের উপকূলীয় জলসীমা ব্যবহার করে পরিকল্পিতভাবে তেল পাচারের গুরুতর অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, এই প্রক্রিয়ায় ভাড়াটে চক্র ব্যবহারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের শীর্ষ নেতৃত্বও সরাসরি জড়িত।

রোববার (১১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বার্তা সংস্থা আইএসএনএ-এর বরাতে এ তথ্য জানা গেছে।

অভিযোগ তুলেছেন ইরানের শীর্ষ নীতি-নির্ধারক।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি জানান, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার বিষয়ে ট্রাম্প প্রতিনিয়ত দাবি করে আসছেন। তবে ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে তিনি উল্লেখ করেন, প্রণালিটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এবং সেখানেই চোরাগোপ্তা উপায়ে তেল পাচার চালানো হচ্ছে।

রেজায়ির দাবি অনুযায়ী, ছোট ছোট নৌযান ব্যবহার করে তেল সংগ্রহ করে তা সাগরে থাকা বড় ট্যাংকারে স্থানান্তর করা হয়। এই তৎপরতা ঠেকাতে ইরানি বাহিনী প্রতি রাতেই সংশ্লিষ্ট নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করছে বলেও তিনি জানান।

এদিকে সামরিক হামলা চালিয়েও দেশের পারমাণবিক অগ্রগতি স্তব্ধ করা যাবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে তেহরান।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বিদেশি চাপ বা হামলার হুমকি সত্ত্বেও তাদের গবেষণা কার্যক্রম এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, ইরানি বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘদিনের সাধনায় গড়ে ওঠা এই প্রযুক্তিগত সাফল্য কোনো বহিরাগত চাপে নতি স্বীকার করবে না। একই সঙ্গে জাতিসংঘে ওয়াশিংটনের অবস্থানের কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, হামলার হুমকি মূলত প্রযুক্তিগত অগ্রগতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যর্থতাকেই স্পষ্ট করছে।