অক্টোবর ১২, ২০২৬, ১১:৫৭ এএম
দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর, যেখানে অতি ভারি বৃষ্টিপাত এবং তীব্র ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ছয়টায় ভারতের রাজধানী অঞ্চলে এই সর্বোচ্চ সতর্কবার্তা জারি করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ এই সময়ে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এবং একই সাথে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
সকালের এই দুর্যোগের তীব্র প্রভাব পড়েছে রাজধানী দিল্লি এবং এর পার্শ্ববর্তী শহরগুলোতে। নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদ এলাকাতেও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের সংলগ্ন প্রধান সড়কে ভারি বর্ষণের কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে সপ্তাহের শুরুর ব্যস্ত সকালে অফিসগামী মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন এবং নগরীর বিভিন্ন অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।
তবে সোমবার সকালের এই আকস্মিক দুর্যোগের পর আবহাওয়া শান্ত হয়ে আসার ইঙ্গিত দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে জানানো হয়েছে, সকালের বৃষ্টির রেশ কেটে গেলে পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে নতুন করে কোনো ভারী বা উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ ছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া দপ্তরের নিয়মিত সাত দিনের বিশ্লেষণ অনুযায়ী, ১৩ অক্টোবর দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
পরদিন ১৪ অক্টোবর তাপমাত্রা সামান্য বেড়ে সর্বোচ্চ ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
একইভাবে ১৫ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ১৬ ও ১৭ অক্টোবর নগরীর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সামগ্রিক পর্যালোচনা বলছে, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আগামী দিনগুলোতে বড় ধরনের কোনো দুর্যোগের ঝুঁকি নেই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন