অক্টোবর ১২, ২০২৬, ০৭:৪১ পিএম
রন্টি দাশ দুই দশকের দীর্ঘ সঙ্গীতযাত্রায় নতুন আরেকটি আন্তর্জাতিক পালক যুক্ত করলেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ আসরে তিনি সেরা মেলোডি গায়িকার পুরস্কার অর্জন করেছেন।
গত ১০ অক্টোবর আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন।
২০০৬ সালে জাতীয় পর্যায়ের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন রন্টি দাশ। এরপর থেকেই নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। আত্মপ্রকাশের পর অডিও অ্যালবামের পাশাপাশি বহু চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন। তাঁর গাওয়া সিনেমার মধ্যে রয়েছে ‘শুভ বিবাহ’, ‘খোঁজ: দ্য সার্চ’, ‘কর্তৃত্ব’, ‘দ্য স্পিড’, ‘অস্ত্রপ্রয়োগ’ ও ‘বস্তির ছেলে কোটিপতি’।
যুক্তরাষ্ট্রের মঞ্চে এই সম্মাননা প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে রন্টি দাশ জানান, নতুন এই অর্জন তাঁকে গানের প্রতি আরও বেশি দায়িত্বশীল করবে। তিনি বলেন, তিনি গানেই বাঁচতে চান এবং গানই তাঁর মূল পরিচয়।
বর্তমানে নিউ ইয়র্কেই স্থায়ীভাবে বসবাস করছেন এই সঙ্গীতশিল্পী। প্রবাসেও নিজের সঙ্গীতচর্চা সচল রাখার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি।
পরিকল্পিত ওই প্রতিষ্ঠানে ক্ল্যাসিক্যাল, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান ও লোকসংগীতসহ বিভিন্ন ধারার পাঠদান করা হবে। একই সঙ্গে বিশেষ ভয়েস ট্রেনিং কোর্সের সুবিধা থাকবে এবং দেশ-বিদেশের শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই শেখার সুযোগ রাখা হচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ বিনামূল্যে সংগীত শেখানোর বিশেষ ব্যবস্থা রাখছেন এই শিল্পী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন