শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ জব্দ

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২, ২০২৬, ০৩:৪৭ পিএম

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ জব্দ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৩ হাজার ৭০০ টাকা মূল্যের বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার (২ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রুদ্রানী বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫৫৮টি অবৈধ সিরাপের বোতল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র নিশ্চিত করেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পথে চোরাচালান প্রতিরোধে রুদ্রানী বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার অভ্যন্তরে তল্লাশি অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। উদ্ধার হওয়া চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার ৭০০ টাকা।

সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন কঠোর তৎপরতা অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির এই ধারাবাহিক অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সাথে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদকদ্রব্য ও অবৈধ মালামাল অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বাহিনীটি দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে।