শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২, ২০২৬, ০৩:৫০ পিএম

দিনাজপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা, মসজিদ কমিটির সদস্য, যুবসমাজ ও স্থানীয় নারীরা। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে জুমার নামাজ শেষে ঈদগাহ মাঠ মসজিদের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি বের করা হয়। মিছিলে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও যুবকেরা সমবেত হয়ে এলাকা প্রকম্পিত করে মাদকবিরোধী স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা স্লোগান তোলেন, টাকা লাগলে টাকা নে, তবু মাদক ছেড়ে দে; ফেতরা লাগলে ফেতরা নে, তবু মাদক ছেড়ে দে। স্থানীয় নারীরা জানান, হঠাৎপাড়া এলাকায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর নিয়মিতভাবে তারা মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছেন। তবে মাদকের অবাধ বিস্তার ঠেকাতে তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের দিক থেকে আরো কার্যকর সহযোগিতা প্রত্যাশা করছেন।

প্রতিবাদে অংশ নেওয়া এক নারী ক্ষোভ প্রকাশ করে জানান, আগে প্রতি শুক্রবার নামাজের পর আয়োজিত এই মিছিলে অসংখ্য পুরুষ সক্রিয়ভাবে অংশ নিতেন, কিন্তু ধীরে ধীরে পুরুষের উপস্থিতি কমে আসছে। তিনি অভিযোগ করেন, পুলিশের কাছ থেকেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন আন্তরিকভাবে এগিয়ে এলে পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় মাদক বিক্রি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।

মিছিলে অংশ নেওয়া আরেক নারী উদ্বেগ প্রকাশ করে জানান, মাদকের আগ্রাসনে এলাকার তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে। এখন থেকেই শক্ত হাতে প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক পরিণতির মুখোমুখি হবে। যুবকদের পাশাপাশি এমনকি কোমলমতি শিশুরাও মাদকের জালে জড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। তিনি শুধু বালুয়াডাঙ্গায় সীমাবদ্ধ না থেকে সমগ্র বাংলাদেশে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা অভিমত দেন, মাদক একটি পরিবার, সমাজ ও গোটা দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই নিয়মিত মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চিহ্নিত মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মিছিল শেষে সমবেত এলাকাবাসী দ্রুত পশ্চিম বালুয়াডাঙ্গায় পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান।