শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,
নারী ফিটনেস সচেতনতা

নারীদের পুল-আপ কতটা নিরাপদ ও কতটা উপকারী

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০৩:৩৩ পিএম

নারীদের পুল-আপ কতটা নিরাপদ ও কতটা উপকারী

ফিটনেস সচেতন

ফিটনেস সচেতন নারীরা এখন কেবল ওজন কমানোর সাধারণ শরীরচর্চায় নিজেদের সীমাবদ্ধ রাখছেন না। বরং শরীরের সার্বিক শক্তি বৃদ্ধি, পেশির সক্ষমতা তৈরি এবং স্ট্রেচিংয়ের মাধ্যমে শারীরিক ভারসাম্য বাড়ানোর দিকে তাদের মনোযোগ বাড়ছে। তাপসী পান্নু ও মালাইকা অরোরার মতো জনপ্রিয় অভিনেত্রীরাও নিয়মিত কঠিন ফিটনেস চর্চা করছেন। বলিউড অভিনেত্রী সংযুক্তা হেগড়ে মনে করেন, জিমে পুরুষরা যেসব ব্যায়াম করতে পারেন নারীরাও চাইলে সেগুলো দক্ষতার সঙ্গে করতে পারেন। তাঁর মতে, পুল-আপ নারীদের পেশির শক্তি বাড়াতে এবং কাঠামোগত গঠন সুন্দর করতে বিশেষ কার্যকর।

ওয়েট ট্রেনিং বা পুল-আপ করলে নারীর শরীর পুরুষের মতো হয়ে যায় বলে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। প্রকৃতপক্ষে পুল-আপ হলো একটি বডিওয়েট এক্সারসাইজ, যা করতে পেশি ও হাড়ের জোর প্রয়োজন হয়। কাঁধ, বুক, ঘাড়, হাত ও কোমরের শক্তি বাড়াতে এটি ভূমিকা রাখে। দিনের দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করার কারণে পিঠ ও ঘাড়ে যে ব্যথা তৈরি হয়, নিয়মিত অনুশীলনে তা উপশম হয় এবং স্বাভাবিক শারীরিক ভঙ্গি বজায় থাকে। চল্লিশোর্ধ্ব নারীদের হাড়ের ঘনত্ব প্রাকৃতিকভাবে কমতে থাকে। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ব্যায়াম হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার রোগ অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় এবং বাড়তি মেদ ঝরিয়ে শরীরকে সুগঠিত রাখতে সাহায্য করে। তবে ব্যায়ামটি করার ক্ষেত্রে কিছু সতর্কতামূলক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। শুরুতেই শরীরের পুরো ওজন ওপরে তোলার চেষ্টা কাঁধ ও কব্জিতে গুরুতর চোটের ঝুঁকি তৈরি করতে পারে। এ ক্ষেত্রে শুরুতে দুটি বিকল্প কৌশল অনুসরণ করা যায়। প্রথমটি হলো অ্যাসিস্টেড রেজিস্ট্যান্স ব্যান্ড পুল-আপ, যেখানে পুল-আপ বারে একটি শক্ত রেজিস্ট্যান্স ব্যান্ড বেঁধে তার নিচে পা বা হাঁটু রেখে শরীর তোলা হয়।

দ্বিতীয়টি হলো ইসেন্ট্রিক পুল-আপ, যেখানে কোনো টুল বা বেঞ্চে দাঁড়িয়ে বারে ঝুলে প্রথমে শরীর ওপরে তোলা হয় এবং পরবর্তীতে পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় নিয়ে অত্যন্ত ধীরে ধীরে শরীর নামানো হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, নতুনদের ক্ষেত্রে পেশাদার প্রশিক্ষক ছাড়া এই ব্যায়ামে যাওয়া অনুচিত। পাশাপাশি আর্থ্রাইটিস, ভার্টিগো বা উচ্চ রক্তচাপের শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের অনুমতি ছাড়া পুল-আপ করা একেবারেই উচিত নয়।