অক্টোবর ১, ২০২৬, ০৪:৪৪ পিএম
দেশে গত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৩২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে এবং গবেষণাগার পরীক্ষায় ৮২ জনের দেহে সংক্রমণটি নিশ্চিত হওয়া গেছে। ফলে এক দিনেই মোট এক হাজার ২১৪ জন শিশু নতুন করে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশব্যাপী হাম সংক্রমণের এই সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।
বিগত চব্বিশ ঘণ্টায় প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেট ও অপরজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। সরকারি হিসাব মতে, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর সকাল আটটা পর্যন্ত সারা দেশে মোট দুই লাখ ১৪ হাজার ৪৬৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক লাখ ৯২ হাজার ৮৬৩ জন এবং নিশ্চিতভাবে রোগটি ধরা পড়েছে ২১ হাজার ৬০২ জনের শরীরে।
বিগত এই কয়েক মাসে রোগটিতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ১১০ জন শিশুর প্রাণহানি ঘটেছে। যার মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১০১ জনের ক্ষেত্রে নিশ্চিত সংক্রমণ পাওয়া যায় এবং এক হাজার নয়জন শিশু মারা গেছে রোগের তীব্র উপসর্গের কারণে। সংক্রমণ বাড়লেও আক্রান্তদের একটি বড় অংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট এক লাখ ৭০ হাজার ৮৭৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। যথাযথ চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ৬৩ হাজার ৯৭৩ জন শিশু। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে, যেখানে উপসর্গযুক্ত রোগী ৪১৭ জন এবং নিশ্চিত হামের রোগী ছিলেন ৭৪ জন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন