অক্টোবর ২, ২০২৬, ০৩:১৬ পিএম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর কাছ থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুর রহমান ও এক যাত্রীকে আটক করা হয়েছে।
কাস্টমস ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটি ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ওবায়দুর রহমানের দেহে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার পরনের শার্টের পকেট ও কোমরে বাঁধা বেল্টের ভেতর থেকে বিশেষ কৌশলে রাখা টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নয়টি স্বর্ণের বারের মোট ওজন এক হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, যা প্রায় এক দশমিক শূন্য পাঁচ কেজি।
ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা। আটকের পর ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এই চোরাচালানের সঙ্গে এক যাত্রীর সম্পৃক্ততার কথা জানান। সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে অবস্থানরত ওই যাত্রীকেও শনাক্ত করে হেফাজতে নেয় কর্তৃপক্ষ।
জব্দ করা স্বর্ণসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং দেশের প্রচলিত অন্যান্য সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন