বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
বিশ্ব প্রবীণ দিবস

বিশ্ব প্রবীণ দিবসেও অধিকারহীন কোটি প্রবীণ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৯:৫৭ এএম

বিশ্ব প্রবীণ দিবসেও অধিকারহীন কোটি প্রবীণ

বিশ্ব প্রবীণ দিবসে দেশে প্রায় পৌনে দুই কোটি প্রবীণ নাগরিক চরম অবহেলা ও অধিকারহীনতার মুখে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৬ সাল শেষে দেশে ৬০ বছরের বেশি বয়সী নাগরিকের সংখ্যা দাঁড়াবে এক কোটি ৬৮ লাখে, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বিপুল এই জনগোষ্ঠীর সুরক্ষায় আলাদা কোনো মন্ত্রণালয় না থাকায় আবাসন, ভাতা এবং বিশেষায়িত চিকিৎসাসেবা পেতে তাদের বহুমুখী ভোগান্তিতে পড়তে হচ্ছে।

অবহেলা ও মৌলিক সেবার তীব্র ঘাটতির মধ্য দিয়েই পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস। সরকারিভাবে আটটি বিভাগে শিশু পরিবারের অভ্যন্তরে ‍‍`শান্তি নিবাস‍‍` নামে আবাসন প্রকল্প সম্পন্ন হলেও জনবল সংকটে তা এখনো চালু করা যায়নি। বিদ্যমান কর্মী দিয়ে দেশের ৮৫টি শিশু পরিবারে প্রতিটিতে ১০ জন করে প্রবীণ রাখার পরিকল্পনা থাকলেও সেখানে থাকতে অনেকেই আগ্রহী নন। 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘে ৫০ শয্যার একটি প্রবীণ নিবাস চলছে, তবে চাহিদার তুলনায় এটি অত্যন্ত নগণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. এ এস এম আতিকুর রহমান জানান, ২০১৭ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন আইনের খসড়াটি এখনো কার্যকর হয়নি এবং প্রবীণদের স্বাস্থ্য খাতে কোনো সুনির্দিষ্ট বরাদ্দও রাখা হয়নি। ভাতা কার্যক্রমে ডিজিটাল জটিলতায় নানা ভোগান্তি পোহাচ্ছেন অসহায় মানুষ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রবীণদের মাসে ৭০০ টাকা এবং ৯০ বছরের বেশি বয়সীদের এক হাজার টাকা বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। স্বজনদের অর্থ আত্মসাৎ রুখতে সরকার সুবিধাভোগীর নিজ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানো বাধ্যতামূলক করেছে। কিন্তু মুঠোফোন নম্বর পরিবর্তনের জটিলতা এবং বিভিন্ন প্রতারক চক্রের ভুয়া আশ্বাস দিয়ে গোপন পিন ও কোড হাতিয়ে নেওয়ার কারণে অনেকে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সতর্ক করে জানান, আগামী ২০২৭ সালের মধ্যেই বাংলাদেশ ‍‍`এজিং সোসাইটি‍‍` এবং ২০৪৭ সালে জাপানের মতো ‍‍`এইজড সোসাইটি‍‍`তে রূপ নেবে। চিকিৎসাবিজ্ঞানে বয়স্কদের বিশেষায়িত সেবা জেরিয়াট্রিক মেডিসিনের অপ্রতুলতায় প্রবীণদের সাধারণ হাসপাতালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই বিশেষ সেবা চালুর উদ্যোগ আলোর মুখ দেখেনি। 

তবে রাজধানীর আগারগাঁওয়ে প্রবীণ হিতৈষী সংঘের হাসপাতাল এবং বারডেমের ডে কেয়ার ইউনিটে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সীমিত পরিসরে সেবা দেওয়া হচ্ছে। বারডেমে প্রতি শনিবার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ‍‍`ফল ক্লিনিক‍‍` চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। প্রবীণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় দেশে একটি পূর্ণাঙ্গ প্রবীণ মন্ত্রণালয় গঠনের আহ্বান জানিয়েছেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইন্তেজার রহমান।