শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,
কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি

কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই ফোর আর্গন আনল গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০৩:৪০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই ফোর আর্গন আনল গুগল

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, করপোরেট ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তায় যুগান্তকারী রূপান্তর আনতে নতুন ফ্রন্টিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল Gemini 4 Argon উন্মোচন করেছে সার্চ জায়ান্ট গুগল। প্রাতিষ্ঠানিক জটিল কাজের দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত গ্রহণ ও গভীর গবেষণার সক্ষমতা সম্পন্ন এই মডেলটি প্রাথমিক পর্যায়ে ‍‍`ফেয়ারউইন্ড কর্মসূচির‍‍` মাধ্যমে বিশ্বস্ত সাইবার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর গুগলের চিফ এআই আর্কিটেক্ট ও গুগল ডিপমাইন্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোরায় কাভুকচুওগলু এই উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

নিরাপত্তা ও নৈতিক নিয়ন্ত্রণের সুরক্ষায় মডেলটির উন্মুক্তকরণ প্রক্রিয়া ধাপে ধাপে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সরকারের স্বেচ্ছামূলক যাচাই প্রক্রিয়ায় অংশ নিয়ে বিভিন্ন স্তরের প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও সুরক্ষা প্রাচীর পর্যায়ক্রমে পরীক্ষা করা হচ্ছে। প্রথম ধাপের পরীক্ষকদের পরামর্শ ও পর্যালোচনার ভিত্তিতে প্রয়োজনীয় পরিমার্জন শেষ করে এটি সাধারণ সফটওয়্যার নির্মাতা, করপোরেট প্রতিষ্ঠান ও সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। মডেলটির বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে প্রতি দশ লাখ ইনপুট টোকেনে দুই ডলার এবং প্রতি দশ লাখ আউটপুট টোকেনে দশ ডলার ফি নির্ধারণ করা হয়েছে, যেখানে ক্যাশড ইনপুট টোকেনের জন্য থাকছে ৯৫ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়।

ইতোমধ্যেই গুগলের অভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে নতুন এই প্রযুক্তি। প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী জটিল কোডিং সমাধান, গবেষণার বিস্তৃতি ও উচ্চমানের লেখার ক্ষেত্রে মডেলটির শ্রেষ্ঠত্ব প্রত্যক্ষ করেছেন। বিশেষত কোয়ান্টাম কম্পিউটিং গবেষণায় সাবরুটিনের স্থান-কাল রিসোর্স অপ্টিমাইজেশনে এটি কয়েক মিনিটের মধ্যে প্রতিষ্ঠিত ভিত্তিরেখাকে ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। ডেটা সেন্টারের টেলিমেট্রি পর্যবেক্ষণ করে আর্গনের বিশেষ এজেন্টরা স্বয়ংক্রিয়ভাবে মেমোরি দক্ষতা বৃদ্ধি করেছে, যা প্রাথমিক প্রয়োগেই ৩০০ টিআইবি মেমোরি খালি করেছে এবং দীর্ঘমেয়াদে ৫০০ টিআইবি থেকে ১ পিআইবি পর্যন্ত সাশ্রয় আনবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বড় অগ্রগতি অর্জিত হয়েছে দীর্ঘ কোডবেস স্থানান্তরের ক্ষেত্রে। গুগল বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সি বা সি++ কোডবেসগুলোকে মেমোরি-সুরক্ষিত আধুনিক ল্যাঙ্গুয়েজ রাস্টে রূপান্তর করার কাজ করছে। বিশেষ করে ভিডিও ডিকোডিং সফটওয়্যার লিবগাভ-ওয়ানে ৩২ হাজার লাইনের বিশেষ কোড স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করে আর্গন একে পূর্বের চেয়ে ২ দশমিক ৭ গুণ দ্রুতগতির করেছে, যার ফলে মূল ভিডিওর মানের কোনো পরিবর্তন ছাড়াই এটি দ্রুততম সি++ সমপর্যায়ের গতি অর্জন করেছে। পাশাপাশি ফুকসিয়া জারকন কার্নেলের আট লাখের বেশি কোডলাইন পরিবর্তনের মতো সংবেদনশীল প্রযুক্তিগত কাজেও এই মডেলের নির্ভুল অডিটিং ও সিমুলেশন সুবিধা নেওয়া হচ্ছে।

জটিল সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের সুবিধার্থে মডেলটির আউটপুট টোকেন সীমা আগের ৬৪ হাজার থেকে বাড়িয়ে রেকর্ড দশ লাখ বা ১ মিলিয়নে উন্নীত করা হয়েছে। বাস্তবমুখী সফটওয়্যার প্রকৌশলের ডিপএসডব্লিউই ১ দশমিক ১ বেঞ্চমার্কে এটি ৭৭ দশমিক ৯ শতাংশ নম্বর পেয়ে নতুন রেকর্ড গড়েছে। অর্থনৈতিক প্রভাব পরিমাপক ভালস সূচক, ভালস ফাইন্যান্স এজেন্ট ও হার্ভের আইনি গবেষণা বেঞ্চমার্কে শীর্ষস্থান দখল করেছে এই মডেলটি। পাশাপাশি ব্যবসায়িক কাজের অটোমেশনবেঞ্চে ৫১ দশমিক ৩ শতাংশ স্কোর নিয়ে এবং দীর্ঘ ভিডিও বিশ্লেষণের এলভিবেঞ্চে ৯১ দশমিক ৭ শতাংশ নম্বর পেয়ে আর্গন প্রথম স্থান নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামূলক সাইবার নিরাপত্তায় মডেলটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে যাতে এটি ক্ষতিকর সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত, যাচাই ও স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করতে পারে। উইজের স্ক্যান ফর গুড উদ্যোগে যুক্ত হয়ে মডেলটি ইতোমধ্যে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা সফটওয়্যারে থাকা মারাত্মক ত্রুটি খুঁজে বের করেছে, যা আগের কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্ত করতে পারেনি। সিডব্লিউই বেঞ্চমার্কে ৬৮ শতাংশ শীর্ষ স্কোরের পাশাপাশি উইজের ব্ল্যাক-বক্স পেনিট্রেশন পরীক্ষায় এবং গুগলের নিজস্ব ২০টি প্রোগ্রামিং ভাষার পরীক্ষায় এটি ৩ দশমিক ৮ ফ্ল্যাশ সাইবার মডেলের চেয়ে বহুগুণ শক্তিশালী প্রমাণ রেখেছে।

অপব্যবহার ও ভুল পথ রোধে মডেলটির সুরক্ষা ব্যবস্থায় চার স্তরের বিশেষ নিরাপত্তা প্রাচীর গড়ে তোলা হয়েছে। রাসায়নিক, জৈব, তেজস্ক্রিয় ও পারমাণবিক হামলার মতো ভয়াবহ অপব্যবহার প্রতিরোধে মডেলটিতে ক্ষতিকর অনুরোধ প্রত্যাখ্যানের সুরক্ষা যুক্ত করা হয়েছে। পরোক্ষ প্রম্পট ইনজেকশন বা হ্যাকিং নির্দেশ রুখতে গ্রে সোয়ান বেঞ্চমার্কে এটি শীর্ষ সহনশীলতা প্রদর্শন করেছে। মডেলটি যেন নির্দেশিত লক্ষ্যের বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত না নেয়, সে জন্য প্রশিক্ষণ চলাকালীন এর চিন্তার ধারাবাহিকতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়েছে। সবশেষে উচ্চ-ঝুঁকিপূর্ণ পরীক্ষার সময় এজেন্ট নিয়ন্ত্রণের রোডম্যাপ মেনে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও সুরক্ষিত স্যান্ডবক্স পরিবেশ বজায় রেখে প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে দিনাজপুর টিভি ডট কম-এর বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদনে জানা গেছে।