জাহিদ হাসান
অক্টোবর ২, ২০২৬, ০২:৫১ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজার সংলগ্ন দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র রায় (মাস্টার)-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন এবং দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য, আয়োজক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জে দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি ইতোমধ্যে বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন এবং কোথাও কোনো সমস্যা রয়েছে কি না, তা খোঁজখবর নিচ্ছেন।
তিনি বলেন, এবার বীরগঞ্জে বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। বিএনপি সরকারে থাকলে আপনারা আনন্দে থাকবেন-এটাই স্বাভাবিক। এবারের বড় বড় পূজার আয়োজন তারই একটি উদাহরণ। সংসদ সদস্য আরও বলেন, বীরগঞ্জ-কাহারোলের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হবে। হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই আমাদের দায়িত্ব। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পরে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং পূজা চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।