সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৮:৩০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোমেনা বেগম অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন থেকে তার কিডনি সমস্যা দেখা দিয়েছে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তার। রোমেনা বেগমের স্বামী মৃত রোহায়েত আলী। দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। ছেলে মো. মুরাদ ইসলাম বর্তমানে পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে অর্থের অভাবে তাকে একাদশ শ্রেণিতে ভর্তি করাতে পারছেন না বলে জানান রোমেনা বেগম। রোমেনা বেগম জানান, পরিবারের উপার্জনের সক্ষমতা সীমিত হওয়ায় নিজের চিকিৎসার খরচ বহন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। একদিকে নিজের চিকিৎসা, অন্যদিকে ছেলের পড়াশোনার খরচ সব মিলিয়ে চরম আর্থিক সংকটে রয়েছেন তিনি। তিনি বলেন, নিজের সুস্থতার জন্য দেশবাসী ও সমাজের সামর্থ্যবান মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চান। পাশাপাশি তার ছেলে মো. মুরাদ ইসলাম যেন পড়াশোনা চালিয়ে গিয়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। অসুস্থ রোমেনা বেগমের চিকিৎসা এবং মুরাদ ইসলামের শিক্ষাজীবন অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন