শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

শেখ হাসিনার দায়িত্ব রুমিন পালন করছেন: নাদিয়া পাপন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০৪:০২ পিএম

শেখ হাসিনার দায়িত্ব রুমিন পালন করছেন: নাদিয়া পাপন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, শেখ হাসিনা তাঁর কর্মকাণ্ডের দায়িত্ব রুমিন ফারহানার কাঁধে চাপিয়ে গেছেন এবং তিনি এখন সেই দায়িত্বই পালন করছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেকিনগর গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।

নাদিয়া পাঠান পাপন বলেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে লাগাতার কুৎসা ও বিষোদ্গার করেছেন, এমনকি তিনি বেগম খালেদা জিয়ার পোশাক নিয়েও অশালীন মন্তব্য করেছিলেন। শেখ হাসিনা রাজনৈতিক পটপরিবর্তনে চলে যাওয়ার পর তাঁর সেই নোংরা সমালোচনার ভূমিকাই এখন রুমিন ফারহানা পালন করছেন বলে দাবি করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, রুমিন ফারহানা অতীতে যেসব রাজনৈতিক বক্তব্য দিয়েছেন তা বিএনপির লোকেরাই লিখে দিত এবং বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করেই তাঁর রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমানকে উদ্দেশ্য করে রুমিন ফারহানার মন্তব্যেরও কড়া জবাব দেন নাদিয়া পাপন।

তিনি প্রশ্ন রেখে বলেন, রুমিন ফারহানা তারেক রহমানকে অপুষ্টিকর বলে মন্তব্য করেছেন, তিনি কি তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক। একজন প্রধানমন্ত্রীর কাজের সমালোচনা করা গেলেও ব্যক্তিগতভাবে অশালীন মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি জানান। একই সাথে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বক্তব্যের জবাবে তিনি বলেন, একজন সাধারণ নাগরিক ও একজন দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে মোকাবিলা করার প্রস্তুতি রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

বংশমর্যাদা ও পারিবারিক রাজনীতির প্রসঙ্গে নাদিয়া পাপন বলেন, নিজের রাজনৈতিক যোগ্যতা থাকলে বারবার বাবার পরিচয়ের কথা বলতে হয় না। তিনি দাবি করেন, ১০ জন রুমিন ফারহানাকে একত্র করলেও একটি নিলুফার চৌধুরী মনির সমান হবে না।

রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ওই অনুষ্ঠানে বেকিনগর গ্রামের বিভিন্ন আঞ্চলিক সমস্যা ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকার বিভিন্ন উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি। উপস্থিত বক্তারা এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের বাস্তবায়ন ঘটাতে কার্যকর ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

চান্দুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীরের সভাপতিত্বে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল হক নিয়াজের সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান উদ্দিন, বিজয়নগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সায়েদ খন্দকার, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী এমরান, ইউনিয়ন বিএনপির সদস্য ও চান্দুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।