বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
হালিশহরে বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না: সাঈদ আল নোমান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৯:৪৭ পিএম

আওয়ামী লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না: সাঈদ আল নোমান

আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল এবং বাংলার মাটিতে এই স্বৈরাচার ও পতিত গোষ্ঠীর আর কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি স্পষ্ট করে বলেছেন, দেশের জনগণ আর কোনো ফ্যাসিস্ট শক্তিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম-১০ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা নয়াবাজার মোড় থেকে শুরু হয়ে সাগরিকা মোড়ে গিয়ে শেষ হয়। সাঈদ আল নোমান বলেন, দেশের সাধারণ জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি আজ সংসদে সরকার গঠন করেছে। তাই এখন দলের মূল দায়িত্ব ও লড়াই হচ্ছে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীদের আরও বেশি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, দলীয় নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মেহনতি শ্রমিক ও নারীদের অধিকার রক্ষায় সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগের অতীত ও বর্তমান রাজনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের হৃদয়ে এই দলের জন্য বিন্দুমাত্র সহানুভূতি নেই। তাদের অতীতের যাবতীয় অপকর্ম ও শোষণমূলক কর্মকাণ্ড এ দেশের সচেতন জনগণ ঘৃণাভরে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।

তিনি উল্লেখ করেন, রাজনীতি মূলত মানবসেবা এবং মানুষের সেবাই রাজনীতির অন্যতম বড় ইবাদত। নেতাকর্মীদের সেভাবেই কাজ করতে হবে যাতে সাধারণ মানুষ নিজেদের সম্পূর্ণ নিরাপদ ও স্বস্তিতে মনে করে। দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাঈদ আল নোমান। তিনি বলেন, বর্তমানে সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত নাজুক রূপ নিয়েছে। রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রমে সবাইকে সক্রিয় হতে হবে। মানুষের সেবা করার সুযোগ সবসময় আসে না উল্লেখ করে তিনি এ সংকটকালে সবাইকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান এবং নিজের পক্ষ থেকে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দিপ্তি।

সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আহমদুল আলম রাসেল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন।

এছাড়া মহানগর বিএনপির সদস্য আবুল হাশেম, জাহাঙ্গীর আলম দুলাল, বিভাগীয় শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিস ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।