বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জামায়াত এমপিদের হয়রানি: বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৯:৩৫ পিএম

জামায়াত এমপিদের হয়রানি: বিমানের দুই কর্মকর্তা বরখাস্ত

সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে লাগেজ বুঝিয়ে না দেওয়া এবং জমজমের পানি সরবরাহে গাফিলতির অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।

যাত্রীসেবায় চরম গাফিলতির ঘটনায় এই বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রাথমিক অনুসন্ধানের তথ্যানুযায়ী, উড়োজাহাজ থেকে কন্টেইনার অফলোডিং এবং পরিচালনাগত অব্যবস্থাপনার কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্ব ঘটে। এতে ওমরাহ পালন শেষে দেশে ফেরা সম্মানিত সংসদ সদস্যসহ সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। দায়িত্বে স্পষ্ট অবহেলার প্রমাণ পাওয়ায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।

মহিউদ্দিন আহমেদ জানান যে সেবার মান এবং প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সরাসরি নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিভাগীয় তদন্ত চলমান রয়েছে।

ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই ওমরাহ যাত্রীদের দুর্ভোগ নিরসনে তাৎক্ষণিকভাবে বিমানের নিজস্ব সংরক্ষিত মজুত থেকে জমজমের পানি বিতরণ করা হয়। পরবর্তীতে বিলম্বিত কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও যাত্রীদের পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে যে যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা দিতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।