শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানের নির্দেশে দোহারের পাঁচ এতিমকে সহায়তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ০২:৫৬ পিএম

তারেক রহমানের নির্দেশে দোহারের পাঁচ এতিমকে সহায়তা

ঢাকার দোহার উপজেলায় বাবা-মাকে হারিয়ে চরম সংকটে পড়া এতিম পাঁচ কন্যার দায়িত্ব ও সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তাঁর নির্দেশে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে একটি প্রতিনিধি দল অসহায় ওই পরিবারটির বাড়িতে যায়। সরাসরি ঘটনাস্থলে গিয়ে পাঁচ বোনের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন প্রতিনিধি দলের সদস্যরা।

দোহারের বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে গিয়ে জানা যায় এক মর্মান্তিক বাস্তবতার কথা। সেখানে অভাব-অনটন ও ঋণের বোঝা সইতে না পেরে মাত্র ৩১ দিনের ব্যবধানে প্রাণ হারান কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু ঘটে। এর ঠিক এক মাস পর বসতঘর থেকেই উদ্ধার করা হয় স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ। বাবা-মাকে হারিয়ে সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে পড়ে তাঁদের রেখে যাওয়া পাঁচ মেয়ে।

গণমাধ্যমে পাঁচ কন্যার এই চরম দুর্গতির খবর প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। প্রতিবেদনটি দেখার পরপরই তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়াতে জরুরি ভিত্তিতে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাধানগর গ্রামে পৌঁছায়। তাঁরা পাঁচ কন্যার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করে নগদ সহায়তা ও উপহার পৌঁছে দেন।

ঘটনাস্থলে মোকছেদুল মোমিন মিথুন জানান, দল-মত নির্বিশেষে দেশের যেকোনো অসহায় মানুষের দুর্দশায় পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই ‘আমরা বিএনপি পরিবার’ কাজ করে যাচ্ছে। সংবাদমাধ্যমে পরিবারটির হৃদয়বিদারক খবর দেখে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যথিত হন এবং দেরি না করে সরাসরি প্রতিনিধি দল পাঠিয়ে সহযোগিতার ব্যবস্থা করেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

সহায়তা হস্তান্তরের সময় সেখানে সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।