অক্টোবর ১, ২০২৬, ০৫:২৭ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ পালন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চিরিরবন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী।
এ ছাড়া চিরিরবন্দর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুফিয়া বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, নজরুল পাঠাগারের সভাপতি রইসুল আজম এবং চিরিরবন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম আলোচনায় অংশ নেন।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবির সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন। আলোচনা ও আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ পর্ব শেষে ইমরুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সংগীতশিল্পী এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন