শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর শিক্ষাবোর্ড ইউনিয়নে নতুন নেতৃত্বের অভিষেক

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২, ২০২৬, ০৯:৪৫ এএম

দিনাজপুর শিক্ষাবোর্ড ইউনিয়নে নতুন নেতৃত্বের অভিষেক

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের ২০২৬ নির্বাচনে নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কর্মচারীদের সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার শিক্ষাবোর্ড ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াস আহমেদ।

শিক্ষা বোর্ডের সেবার মান বৃদ্ধি ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ সব কর্মচারীকে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াস আহমেদ। অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত প্রতিনিধিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানান।

ইউনিয়নের সভাপতি সৈয়দ মওদুদ উল করিম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সচিব নুর মো. আব্দুর রাজ্জাক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. বোরহান উদ্দিন। এছাড়া বক্তব্য দেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, সেকশন অফিসার মোতাহার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও উচ্চমান সহকারী গোলাম রব্বানী এবং নিম্নমান সহকারী গোলাম রব্বানী।

নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি সৈয়দ মওদুদ উল করিম বাবু, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সুইট, সহসাধারণ সম্পাদক আবু জাহিদ মো. সায়েম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুম আলী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আব্দুর রফিক। অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।