বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

জমজমের পানি সরবরাহে গাফিলতি: বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৯:৫৫ পিএম

জমজমের পানি সরবরাহে গাফিলতি: বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

ছবি : সংগ্রহীত

পবিত্র ওমরাহ শেষে সৌদি আরবের মদিনা থেকে আসা ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিষ্ঠানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণেই ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছায়নি। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর নির্দেশেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে।

যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ তিন ঘণ্টা।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর দীর্ঘ সময় পার হলেও ব্যাগেজ বেল্টে পানি না পেয়ে তীব্র ভোগান্তিতে পড়েন ওমরাহযাত্রীরা। বিষয়টি নজরে আসার পর পরিস্থিতি সামাল দিতে বিমান কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত পানি বিতরণের উদ্যোগ নেয় এবং পরবর্তীতে অন্য কন্টেইনারটি শনাক্ত করে সরবরাহ নিশ্চিত করা হয়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনসহ চারজন সংসদ সদস্য। ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, স্বাক্ষরকারী চারজনসহ ওই ফ্লাইটে আসা অধিকাংশ যাত্রী প্রায় তিন ঘণ্টা পার হলেও ট্যাগযুক্ত পানির লাগেজ বুঝে পাননি, যেখানে বিমানে মোট ৩৪ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় দায়িত্বশীল কারো কাছ থেকে যৌক্তিক কোনো কারণ ব্যাখ্যা না পাওয়ায় অসন্তোষ তৈরি হয় এবং এ বিষয়ে ব্যাখ্যা দিতে চার কর্মদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে স্বাক্ষর করা অপর তিন সংসদ সদস্য হলেন শেরপুর-১ আসনের মো. রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দীন এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন। ভবিষ্যতে বিমানবন্দর ব্যাগেজ বেল্টে এমন অব্যবস্থাপনা রোধে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।