শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,
পারমাণবিক জ্বালানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম দেশে আসছে আজ

জাতীয় ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ১০:০৬ এএম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম দেশে আসছে আজ

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ শুক্রবার দেশে আসছে। বিশেষ কার্গো উড়োজাহাজে করে এই পারমাণবিক জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার কঠোর নিরাপত্তায় তা রূপপুরে প্রকল্প এলাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার এই ইউরেনিয়াম দেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়েছিল। মূলত পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওই জটিলতা তৈরি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট নয়টি চালানে এই ইউরেনিয়াম আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।