অক্টোবর ২, ২০২৬, ১০:০১ এএম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রাতের আঁধারে আর্য সমিতির দুর্গা মন্দিরে চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের পশ্চিমপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন এই পূজামণ্ডপে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মণ্ডপ পরিষ্কার করতে গিয়ে ভাঙচুরের বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দুর্গা পূজার জন্য গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ করে মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল। কিন্তু রাতের বেলা কে বা কারা সেখানে প্রবেশ করে দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভেঙে ফেলে।
প্রায় ৮৭ বছর ধরে এই স্থানে পূজা উদযাপন হয়ে আসছে। স্থানীয় এক বাসিন্দা জানান, পূর্বপুরুষদের আমল থেকে এখানে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হলেও এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। তবে গত ছয় মাসের মধ্যে এই এলাকায় এটি তৃতীয় ভাঙচুরের ঘটনা। স্থানীয়রা জানান, এর আগে একটি সর্বজনীন শ্মশানকালী মন্দির এবং আরেকটি বাড়িতে প্রতিমা ভাঙচুর করা হয়েছিল। আগের ঘটনাগুলোর সাথে এবারের ভাঙচুরের ধরনে মিল থাকায় এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে বলে সন্দেহ করছেন তারা।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ভাঙচুরের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে বিষয়টি অবহিত করা হয়েছে। এক রাজনৈতিক নেতা জানান, সংসদ সদস্য ঢাকায় অবস্থান করলেও তিনি ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছেন। তিনি এলাকায় ফিরে প্রশাসনের সাথে বসে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই কোনো কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন