বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

অক্টোবর ১, ২০২৬, ০৬:০৩ পিএম

বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুই নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজার সংলগ্ন মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। টুর্নামেন্টে রানীরবন্দর ফুটবল একাডেমি এবং পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার এইচআরএফসি বাংলাবান্ধা দল প্রতিদ্বন্দ্বিতা করে। 

খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী সাধারণ মানুষের মাঝে বিপুল উৎসাহের সৃষ্টি হয় এবং মাঠের চারপাশে শত শত দর্শক উপস্থিত থেকে আনন্দ-উচ্ছ্বাসের সাথে এই ক্রীড়া উৎসব উপভোগ করেন। মাদক ও সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান উদ্যোক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু তাহের। 

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও এগারো নম্বর মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব তানভীর চৌধুরী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন। টুর্নামেন্টের সার্বিক আহ্বায়কের দায়িত্ব পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক আলমগীর কবির বাবু। যুবসমাজকে মাঠমুখী করতে ভবিষ্যতেও এমন সুস্থ ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিরা।

খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাহাবুব হোসেন বুলেট, শতগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিজার আলী, আব্দুল রাজ্জাক এবং শামসুল আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের পক্ষে আলমগীর কবির জানান যে যুবসমাজকে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার পাশাপাশি যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিহত করতে নিয়মিত এমন ফুটবল ম্যাচ আয়োজন ফলপ্রসূ ভূমিকা রাখবে।