রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
বিনোদন জগতে ক্ষোভ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে সাদিয়া আয়মানের ক্ষোভ

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০২:২৩ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরে সাদিয়া আয়মানের ক্ষোভ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ঘটনাটিকে হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন।

নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশিত বার্তায় অভিনেত্রী লেখেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। তার মতো একজন সৃজনশীল মানুষের সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। হামলার পাশাপাশি দেশের সামগ্রিক চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয় নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন সাদিয়া আয়মান।

তিনি উল্লেখ করেন, চারপাশ এমন অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে যারা জীবনে ভালো কিছু দেখেনি এবং ভালো কিছু দেখলে তা সহ্য করতে পারে না। পুরো ঘটনাটিকে চরম লজ্জার এবং ধিক্কারজনক হিসেবে উল্লেখ করেন তিনি।

পোস্টের পর মন্তব্যের ঘরে সমালোচকদের উদ্দেশেও কড়া জবাব দেন এই অভিনেত্রী। তার ভাষ্য, যাদের উদ্দেশ্য করে তিনি কথাগুলো বলেছেন, তাদেরই কেউ কেউ প্রকাশ্যে চাঁদাবাজদের পক্ষে সাফাই গেয়ে মন্তব্য করছেন। এসব অন্যায় মন্তব্য ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যদের চোখেও পড়বে বলে সতর্ক করেন তিনি।

এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিনোদন অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সাথে স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ অনুসারীরা।