রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
দারিদ্র্য বিমোচনে কর্মসংস্থান

দরিদ্রদের দক্ষতা উন্নয়নে মেয়র শাহাদাতের জোর

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০২:১৭ পিএম

দরিদ্রদের দক্ষতা উন্নয়নে মেয়র শাহাদাতের জোর

দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কেবল আর্থিক সহায়তা যথেষ্ট নয়, তাদের স্থায়ীভাবে আত্মনির্ভরশীল করে তুলতে কর্মসংস্থান ও বাস্তবমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (২৭ সেপ্টেম্বর) চসিক সম্মেলন কক্ষে নগরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবিকা অর্জনে সহায়তা প্রকল্পের আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ ও উপকরণ পেলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে ৪৮টি সেলাই মেশিন, ৪১টি কম্পিউটার ও ৬৮টি ফুড কার্ট বিতরণ করা হয়। মেয়র জানান, এসব উপকরণ কাজে লাগিয়ে তরুণ-তরুণীরা আয়মুখী পেশায় যুক্ত হতে পারবেন এবং ফুড কার্টের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি হবে।

তিনি উল্লেখ করেন, প্রকল্পটি কেবল কর্মসংস্থানেই সীমাবদ্ধ নয়, বরং স্বাস্থ্য ও পুষ্টির নিরাপত্তাতেও ভূমিকা রাখছে। এর অধীনে ৮০৪ জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মাকে পুষ্টি সহায়তা এবং ১৯৩ জন কিশোরীকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বা হাইজিন কিট দেওয়া হয়েছে। নিম্ন আয়ের মানুষের নিরাপত্তায় কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) আওতাধীন অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে ৪৫টি সৌরবাতি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

মেয়রের মতে, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নাগরিকের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আসল উন্নয়ন।

চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় এবং অনলাইনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক যুক্ত ছিলেন।