সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৫৮ পিএম
নতুন কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী দিনগুলোতে সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আন্তর্জাতিক যুদ্ধ ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ধাক্কা সামলে স্বাভাবিক অবস্থায় ফিরছে জ্বালানি খাত। ইকবাল হাসান মাহমুদ জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের মূল কেন্দ্র মধ্যপ্রাচ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতির মুখে বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। তিনি বলেন, জ্বালানি কেনা সত্ত্বেও তা দেশে আনতে দেরি হয়েছিল। হঠাৎ করে ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের কারণে মারাত্মক বিঘ্ন ঘটে। তবে এখন সেই বিপর্যয় কাটিয়ে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা পুনরুদ্ধার করা হয়েছে। নির্ধারিত সময়ে জ্বালানি আসছে এবং তা নিয়মিত বিতরণ করা হচ্ছে।
পরিস্থিতি ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি বিশ্বের সব দেশেই তৈরি হয়েছে। জনগণ সরকারের ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছে। কিন্তু সরবরাহ ঘাটতি ও দুর্ঘটনার কারণে পরিস্থিতির সামাল দিতে কিছু বিলম্ব হয়েছে। আল্লাহর রহমতে এখন জ্বালানি আনা সম্ভব হয়েছে এবং জাহাজগুলোর আসার সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নতুন কোনো দুর্ঘটনা না ঘটলে এভাবেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ চালিয়ে যাওয়া সম্ভব হবে।
শিল্প কারখানায় গ্যাস ও জ্বালানি সরবরাহ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ নিশ্চিত করেন, এখন থেকে দেশের সব শিল্প কারখানায় প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা যাবে।
সাম্প্রতিক বিঘ্নের কারণে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এই ভোগান্তির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে সরকার আন্তরিকভাবে দুঃখিত। এটি স্বেচ্ছায় করা কোনো পদক্ষেপ ছিল না। তিনি উল্লেখ করেন, সরকার কখনোই জনগণের কষ্ট চায় না, কারণ জনগণ বিশ্বাস রেখে দায়িত্ব দিয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকটে সারা পৃথিবী যখন উদ্বিগ্ন, সেই সংকটের প্রভাব দেশেও পড়েছিল। মানুষের কষ্ট কমাতে সরকার বাড়তি অর্থ ব্যয় করে বিকল্প উৎস থেকে বেশি দামে গ্যাস সংগ্রহ করেছে।
সামনের দিনগুলোতে এই সংকট আর ফিরে আসবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, অপ্রত্যাশিত কোনো বাধা না এলে আগামী দিনগুলো দক্ষতার সাথেই পরিচালনা করা সম্ভব হবে। ব্যক্তিগত পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি কারও একক কৃতিত্ব নয়; পুরো মন্ত্রণালয় ও খাত একটি দল হিসেবে সম্মিলিতভাবে কাজ করে এই সংকট মোকাবিলা করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন