সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৪:০৪ পিএম
জেলা প্রশাসনের রাজস্ব শাখায় অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় নিজের পরিবর্তে অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ানোর অভিযোগে জহিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে তাকে আটক করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ভাইভা চলাকালে এই ঘটনা ঘটে। আটক জহিরুল ইসলাম (২৩) বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে। পুলিশ ও জেলা প্রশাসন জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পটুয়াখালী সরকারি কলেজের বাণিজ্য ভবনে জেলা রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডের অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ১০টি শূন্য পদের বিপরীতে অংশ নেন প্রায় তিন হাজার ৯০০ চাকরিপ্রার্থী। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৯ জন। তাদের শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।
মৌখিক পরীক্ষা দেওয়ার সময় জহিরুলের হাতের লেখার সঙ্গে আগের দিনের লিখিত পরীক্ষার খাতায় থাকা লেখার অমিল লক্ষ্য করেন পরীক্ষা বোর্ডের কর্মকর্তারা। একই সাথে ভাইভা বোর্ডের বিভিন্ন সাধারণ প্রশ্নেরও সন্তোষজনক উত্তর দিতে পারছিলেন না তিনি। এতে কর্মকর্তাদের সন্দেহ আরও বাড়ে।
পরে তাকে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে লিখিত পরীক্ষায় নিজের হয়ে অন্য একজন অংশ নিয়েছিলেন বলে তিনি স্বীকার করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অসদুপায় অবলম্বনের সুনির্দিষ্ট অভিযোগে জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার হয়ে অন্য ব্যক্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ মিলেছে। এই জালিয়াতির ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন