সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৪:২০ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পেয়েও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। পূর্বঘোষিত কর্মসূচি বাস্তবায়নে রোববার বেলা ১১টা থেকে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন সংক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নিয়োগের দোরগোড়ায় পৌঁছে এভাবে প্রক্রিয়া থেকে ছিটকে পড়ায় চরম ক্ষোভ ও অনিশ্চয়তা বিরাজ করছে তাদের মধ্যে।
প্রার্থীরা জানান যে মেধা তালিকায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কোনো প্রকার কারণ না দেখিয়েই পুলিশি তদন্তের নামে তাদের নিয়োগপত্র আটকে দেওয়া হয়েছে। কোন সুনির্দিষ্ট অভিযোগে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হলো সে বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আগামী ১ অক্টোবর থেকে অন্যান্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন।
এই পরিস্থিতিতে কোনো রকম বৈষম্য না করে একই তারিখে অন্যান্য প্রার্থীদের সাথে সমমর্যাদায় চাকরিতে যোগদানের সুযোগ নিশ্চিত করার জোরালো দাবি জানান তারা। আন্দোলন চলাকালে সরকারের নীতি-নির্ধারণী মহলে নিজেদের দাবি পৌঁছে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল ফিরে আসার পর পরবর্তী কর্মসূচি ও বিস্তারিত অবস্থান স্পষ্ট করা হবে বলে আন্দোলনকারীরা নিশ্চিত করেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এর আগে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। উক্ত সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে দাবি করা হয় যে, সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত মোট ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর মধ্যে পুলিশ ভেরিফিকেশনে জটিলতা দেখিয়ে অন্তত দুই হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন