মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে ছড়ানো বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ১০:৪৩ পিএম

মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে ছড়ানো বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক ভিডিওকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

দীর্ঘ ক্যারিয়ারে সব সময় বিতর্ক এড়িয়ে চলা এই অভিজ্ঞ ক্রিকেটার পুরো ঘটনাটিকে অনিচ্ছাকৃত উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তাঁর অনুরোধের পর প্রতিষ্ঠানটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

বিতর্কের সূত্রপাত ঘটেছিল সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে।

সেই পোস্টে দাবি করা হয়, জাতীয় দলের সাবেক এক তারকা ক্রিকেটার ভানুয়াতুর নাগরিকত্বে বিনিয়োগসংক্রান্ত একটি কার্যক্রমের প্রচারণা চালাচ্ছেন। বিদেশে এই ধরনের বিনিয়োগে অর্থ পাঠানোর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদের মতো দায়িত্বশীল ও নন্দিত ক্রিকেটারের এমন কার্যক্রমে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

পরিস্থিতি নজরে আসার পরই দ্রুত পদক্ষেপ নেন রিয়াদ।

তিনি বুঝতে পারেন, কোনো ব্যক্তিগত স্বার্থ বা সংশ্লিষ্টতা না থাকলেও যে কার্যক্রমে তিনি উপস্থিত হয়েছিলেন, সেখানে দেশের স্বার্থের প্রশ্ন জড়িত রয়েছে। এরপরই তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে বিতর্কিত প্রচারণামূলক ভিডিওটি তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার ব্যবস্থা করেন।

পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ ব্যাখ্যা তুলে ধরেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

তিনি লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি তাঁর অবস্থান পরিষ্কার করতে চান। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‍‍`জমজম ব্রাদার্স‍‍` নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে তাঁর প্রথম পরিচয় ঘটে। পরবর্তীতে তাদের আমন্ত্রণে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গেলে তারা তাদের নতুন একটি ব্যবসায়িক প্রকল্প নিয়ে ভিডিও ধারণের অনুরোধ জানায়।

রিয়াদ স্পষ্ট জানান, ওই প্রকল্পটির উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে তাঁর আগে থেকে কোনো ধারণা ছিল না।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর ব্যক্তিগত, ব্যবসায়িক বা অর্থনৈতিক কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। বিষয়টি জানার পরপরই তাঁর অনুরোধে তারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সব সামাজিক প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সম্পূর্ণ সরিয়ে নেয়।

পুরো ক্যারিয়ারে পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখার কথা স্মরণ করে মাহমুদউল্লাহ রিয়াদ জানান, তিনি সারা জীবন ব্যক্তিগত ও পেশাগত অঙ্গনে বিতর্ক থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এই অনিচ্ছাকৃত ঘটনার কারণে কেউ মর্মাহত হয়ে থাকলে কিংবা কোনো প্রকার বিভ্রান্তির সৃষ্টি হলে তিনি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

ভবিষ্যতে এ ধরনের যে কোনো প্রচারণামূলক আহ্বানে আরও বেশি সতর্ক থাকার অঙ্গীকার ব্যক্ত করে ভক্ত-সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা, সমর্থন ও সহমর্মিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান এই তারকা ক্রিকেটার।