বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
সৌদি আরবে বিশাল নিয়োগ

সৌদি আরবে স্বাস্থ্য খাতে চার হাজার নতুন পদে নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২০, ২০২৬, ১১:৩২ পিএম

সৌদি আরবে স্বাস্থ্য খাতে চার হাজার নতুন পদে নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি

সৌদি আরবের স্বাস্থ্যসেবা খাতে চার হাজার ২৯১টি নতুন শূন্যপদে কর্মী নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন স্বাস্থ্য সংস্থা ‘হেলথ হোল্ডিং কোম্পানি’।

দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলের চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন বিশেষায়িত পদে এসব কর্মী যুক্ত করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সংস্থাটি জানায়, নতুন এই পদগুলো যুক্ত হওয়ার মধ্য দিয়ে চলতি বছর তাদের অধীনে সরাসরি নিয়োগ, চাকরির নিশ্চয়তাসহ প্রশিক্ষণ চুক্তি এবং নতুন শূন্যপদ মিলিয়ে মোট কর্মসংস্থানের সুযোগ দাঁড়িয়েছে ১৯ হাজার ৬১০টিতে। সৌদি আরবের নাগরিকদের স্বাস্থ্যসেবা খাতে আকৃষ্ট করা, অভ্যন্তরীণ চিকিৎসা জনবলের চাহিদা পূরণ এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে এই বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার।

কোম্পানির পরিসংখ্যানে জানা যায়, চলতি বছর ইতিমধ্যে ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে সরাসরি বিভিন্ন স্বাস্থ্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একই সাথে কর্মসংস্থানের নিশ্চয়তাসহ আরও দুই হাজার ৪০৫টি বিশেষ প্রশিক্ষণ চুক্তি অনুমোদন করেছে কর্তৃপক্ষ। এর সাথে নতুন করে যুক্ত হওয়া চার হাজার ২৯১টি পদ মিলিয়েই মোট কর্মসংস্থানের সুযোগের সংখ্যা ১৯ হাজার ৬১০টিতে পৌঁছেছে। ফলে সামগ্রিক সংখ্যাটির ভেতর ইতিমধ্যে সম্পন্ন হওয়া নিয়োগ, অনুমোদিত প্রশিক্ষণ চুক্তি এবং নতুন করে আবেদনযোগ্য শূন্যপদও অন্তর্ভুক্ত রয়েছে।

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের জন্য নির্ধারিত অফিশিয়াল নিয়োগ পোর্টালের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগেই প্রার্থীরা কাঙ্ক্ষিত পদের বিস্তারিত বিবরণ, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার শর্ত এবং সংশ্লিষ্ট বিশেষত্ব সম্পর্কে বিশদ তথ্য যাচাই করতে পারবেন। তবে প্রতিটি স্বাস্থ্য অঞ্চলে শূন্যপদ ঘোষণার আনুষ্ঠানিক তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০টি স্বতন্ত্র স্বাস্থ্য অঞ্চলের মাধ্যমে কোম্পানিটি কার্যক্রম পরিচালনা করায় প্রার্থীরা নিজ নিজ ভৌগোলিক অঞ্চলের সুযোগগুলো সহজে খুঁজে নিতে পারবেন।

তবে বিশাল এই কর্মযজ্ঞে বিদেশি কর্মীদের সরাসরি আবেদনের সুযোগের বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য জানা গেছে।

সৌদি সরকারের এই স্বাস্থ্য উদ্যোগটির প্রধানতম লক্ষ্য হলো স্থানীয় সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি ও স্থানীয় দক্ষ জনবল তৈরি করা। ফলে নতুন করে ঘোষিত চার হাজার ২৯১টি শূন্যপদ বাংলাদেশিসহ সাধারণ বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত—এমনটি দাবি করার সুনির্দিষ্ট কোনো সুযোগ নেই।

সাধারণত সৌদি আরবে বিদেশি চিকিৎসক, নার্স ও বিশেষায়িত স্বাস্থ্যকর্মীদের নিয়োগের জন্য পৃথক প্রক্রিয়া ও বিশেষ নীতিমালা অনুসরণ করা হয়ে থাকে। সেসব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগ্যতার প্রমাণপত্র, পেশাগত নিবন্ধন সনদ ও কার্যকর কর্মানুমতির সব শর্ত পূরণ করতে হয়। তাই বাংলাদেশি আগ্রহী প্রার্থীরা এই নির্দিষ্ট সার্কুলারে আবেদনের যোগ্য বিবেচিত হবেন কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট স্বাস্থ্য অঞ্চলের স্বতন্ত্র নিয়োগ বিজ্ঞপ্তি খুঁটিয়ে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।