নভেম্বর ১৬, ২০২৬, ১০:১১ এএম
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের প্রথম পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান। দেশটির অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ এসলামি গত রোববার এই তথ্য জানিয়েছেন।
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ এসলামি বলেন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতায় নির্মিত ইরানের প্রথম টোকামাক চুল্লিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু করতে আমরা আশাবাদী।
ইরানের অ্যাডভান্সড টেকনোলজিস কোম্পানির প্রধান আলী নওরুজি জানান, নিউক্লিয়ার ফিউশন হলো বিশেষ ও জটিল ভৌত পরিবেশে দুটি হালকা আইসোটোপকে একত্র করে ফিউশন বিক্রিয়া ঘটানোর প্রক্রিয়া।
প্রস্তাবিত চুল্লিতে টোকামাক প্রযুক্তি ব্যবহার করা হবে যা একধরনের চৌম্বকীয় আবদ্ধকরণ পদ্ধতি। এর মাধ্যমে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে নিয়ন্ত্রণে রেখে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং সূর্য ও নক্ষত্রের শক্তির মূল উৎস এই ফিউশন।
এই প্রক্রিয়ায় উৎপন্ন বিকিরণ ব্যবহার করে রেডিওফার্মাসিউটিক্যালস বা তেজস্ক্রিয় ওষুধ এবং উন্নত চিকিৎসা-নির্ণয়ব্যবস্থা তৈরি করা সম্ভব বলে উল্লেখ করেন আলী নওরুজি।
দীর্ঘমেয়াদে শক্তির অপচয় ছাড়াই উচ্চ বৈদ্যুতিক প্রবাহ উৎপাদনের ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তবে প্রস্তাবিত চুল্লিটির উৎপাদনক্ষমতা, নির্মাণস্থল, ব্যয় কিংবা চালুর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন