বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,
নৈতিক শিক্ষা ও দর্শনচর্চা

কিশোর অপরাধ রোধে শাস্তির বদলে নৈতিক শিক্ষার তাগিদ ঢাবি উপাচার্যের

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৬:২৬ পিএম

কিশোর অপরাধ রোধে শাস্তির বদলে নৈতিক শিক্ষার তাগিদ ঢাবি উপাচার্যের

কিশোর অপরাধ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ ও শাস্তির ওপর জোর না দিয়ে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধের চর্চা এবং কিশোরদের মানসিক বিকাশে সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ব দর্শন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র ও নৈতিক উন্নয়ন কেন্দ্র যৌথভাবে এ আয়োজন করে।

কিশোর অপরাধকে কেবল আইনশৃঙ্খলা বা নিয়ন্ত্রণের জায়গা থেকে দেখলে পুরো চিত্র বোঝা যায় না বলে মনে করেন উপাচার্য। তাঁর মতে, পারিবারিক পরিবেশ, শিক্ষাব্যবস্থা, সামাজিক বৈষম্য, প্রযুক্তির প্রভাব এবং নৈতিক মূল্যবোধের চর্চা এ বিষয়ের সঙ্গে যুক্ত। কোনো কিশোর অপরাধে জড়িয়ে পড়লে তার নিজের দায় যেমন আছে, তেমনি বেড়ে ওঠার পরিবেশ, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের ভূমিকাও খতিয়ে দেখা দরকার।

প্রাথমিক স্তর থেকেই শিশুদের পাঠ্যক্রমে নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষা রাখার ওপর গুরুত্ব দেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ছোটবেলা থেকেই এসব শিক্ষা পেলে শিশুদের ঠিকভাবে গড়ে তোলা সহজ হয়। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে দায়িত্ব নিতে হবে। অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের স্থায়ীভাবে অপরাধী হিসেবে আটকে না রেখে সংশোধন ও পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথাও বলেন তিনি, যাতে তাদের ন্যায়বিচার ও মানবিক মর্যাদা ঠিক থাকে।

দর্শনচর্চা শুধু তাত্ত্বিক জ্ঞানচর্চার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবন, সমাজ ও সভ্যতা বোঝার মৌলিক বুদ্ধিবৃত্তিক প্রয়াস বলে উল্লেখ করেন উপাচার্য। যুক্তিবোধ, বিবেক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে সামাজিক সমস্যা বিশ্লেষণে দর্শন সাহায্য করে। ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গড়তে দর্শনচর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন তিনি।

এ বছরের বিশ্ব দর্শন দিবসের প্রতিপাদ্য তুলে ধরে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্বের নানা সংকট সামাল দিতে সম্মিলিত চিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক সংলাপ জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির অগ্রগতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের কী করতে সক্ষম করেছে, তা যেমন গুরুত্বপূর্ণ; তেমনি আমাদের কী করা উচিত, সেই প্রশ্নের উত্তর খুঁজতেও দর্শন, নৈতিকতা, ধর্ম ও মানবিক মূল্যবোধের চর্চা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আ খ ম ইউনুস। বিশ্ব দর্শন দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার সম্পাদক ড. মন্দিরা চৌধুরী স্বাগত বক্তব্য দেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া।

অনুষ্ঠানে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে দর্শন বিতর্ক ধারার আয়োজনে রম্যবিতর্ক এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প কাবুলিওয়ালার নাট্যরূপ পরিবেশিত হয়।